বিশ্ব সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ৭০তম ইউরোভিশন গান প্রতিযোগিতায় (ইউরোভিশন ২০২৬) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বুলগেরিয়া। অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত উইনার স্ট্যাডথালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর। প্রতিযোগিতায় বুলগেরিয়ার প্রতিনিধিত্বকারী গায়িকা দারা তার ‘বানাগারাঙ্গা’ গানের জন্য সর্বোচ্চ ৫১৬ পয়েন্ট পেয়ে শিরোপা জিতে নেন। বিজয়ী দারার হাতে কাঁচের তৈরি ঐতিহ্যবাহী ট্রফিটি তুলে দেন গত বছরের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের শিল্পী জেজে।
এবারের প্রতিযোগিতায় তীব্র লড়াই শেষে ৩৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসরায়েল। গায়ক নোয়াম বেটান তার ‘মিশেল’ গানের জন্য এই পয়েন্ট অর্জন করেন। জুরিদের ভোটে প্রথম দিকে ১৫তম স্থানে থাকলেও, সাধারণ দর্শকদের কাছ থেকে ২২০ পয়েন্ট পেয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে আসে ইসরায়েল। তবে দর্শকদের কাছ থেকে পাওয়া বুলগেরিয়ার ৫৮৯ পয়েন্টের ঝড়ের কাছে শেষ পর্যন্ত তারা টিকতে পারেনি।
অন্যদিকে ‘চোক মি’ গান গেয়ে ২৯৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটি নিজেদের দখলে নিয়েছে রোমানিয়ার প্রতিনিধিত্বকারী আলেকজান্দ্রা কাপিতানেস্কু। এ ছাড়া ডেল্টা গুডরেমের ‘এক্লিপস’ গান নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ এবং সাল দা ভিঞ্চির ‘পের সেম্প্রে সি’ গান নিয়ে ইতালি পঞ্চম স্থান অধিকার করে সেরা পাঁচে নিজেদের নাম লেখায়।

অন্য সব দেশের আনন্দের মাঝে এবারের আসরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাজ্য। ‘লুক মাম নো কম্পিউটার’ মঞ্চনামে স্যাম ব্যাটেল তার ‘আইনস, জডাই, ড্রাই’ গানটি পরিবেশন করে মাত্র ১ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতার একেবারে তলানিতে অর্থাৎ শেষ স্থান লাভ করেন। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘ইউনাইটেড বাই মিউজিক’ বা ‘সংগীতে ঐক্যবদ্ধ’। জমকালো এই অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অস্ট্রিয়ার মডেল ও গায়িকা ভিক্টোরিয়া স্বরোভস্কি এবং অভিনেতা মাইকেল অস্ট্রোভস্কি।
কিছু প্রতিবাদ এবং পাঁচটি দেশের বয়কটের গুঞ্জনের মধ্যেও প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আসরে মোট ৩৫টি দেশ ভোট প্রক্রিয়ায় অংশ নেয়, যেখানে প্রতিটি দেশের জুরি এবং সাধারণ দর্শকদের ভোটকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৫৬ সালে প্রথম শুরু হওয়া ইউরোভিশন বর্তমানে বিশ্বের দীর্ঘতম বার্ষিক আন্তর্জাতিক টেলিভিশন সংগীত প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত এবং বুলগেরিয়ার এই ঐতিহাসিক জয় আসরটিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। সূত্র: ভ্যারাইটি
বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান প্রকাশ