ডিজিটাল বিনোদনের জগতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এক নতুন দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ‘উৎসব’। মূলত বাংলা সিনেমা, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মকে কেন্দ্র করেই এই প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে।
‘উৎসব’-এর প্রধান লক্ষ্য হলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলো দ্রুততম সময়ের মধ্যে দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছে দেওয়া। উদ্বোধনী দিন থেকেই শতাধিক নতুন-পুরোনো চলচ্চিত্র ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি, যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য একটি বিশাল ডিজিটাল ভান্ডার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জাহিদ হাসান অভি জানান, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। বিশেষ করে প্রবাসী বাঙালিরা হাতের নাগালে মানসম্মত বাংলা কনটেন্ট পান না।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলা কনটেন্টকে আরও সহজলভ্য ও আকর্ষণীয়ভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। ‘উৎসব’ হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা তাদের পছন্দের সিনেমা ও সিরিজ উপভোগ করতে পারবেন।’
নির্ধারিত সাবস্ক্রিপশন ফির মাধ্যমে দর্শকরা সরাসরি ‘উৎসব’-এর ওয়েবসাইট থেকে কনটেন্ট দেখতে পারবেন। খুব শিগগিরি গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাবে। এছাড়া পর্যায়ক্রমে আইওএস (iOS), অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও ‘উৎসব’-এর সেবা নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।