সংগীতে নতুন আঙ্গিকের উপস্থাপনা নিয়ে এগিয়ে চলেছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। ‘মোজি অ্যান্ড কোং’ নামে তাদের মিউজিক প্রকল্পের মাধ্যমে গত দেড় বছর ধরে পুরোনো জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করছেন এই দুই শিল্পী। তাদের ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই মুগ্ধতার তালিকায় যুক্ত হলেন ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান।
সম্প্রতি ‘সাওয়ারিয়া’ গানটির নতুন সংস্করণ প্রকাশ করেন শুভ ও নন্দিতা। মূল গানটির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রহমান। কাভারটি শুনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করেন তিনি। বিষয়টি দুই শিল্পীর জন্য হয়ে ওঠে বিশেষ স্বীকৃতি।
এ প্রসঙ্গে শুভ বলেন, 'ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। তার কাজ সবসময়ই আমার অনুপ্রেরণা। যিনি আমাদের গান শুনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, এটি সত্যিই দারুণ এক অনুভূতি।'
এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন নন্দিতা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, 'আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো, প্লিজ! এই স্মৃতি সারাজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।'

উল্লেখ্য, শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা দেশের নতুন প্রজন্মের দুই প্রতিভাবান সংগীতশিল্পী। ‘কোক স্টুডিও বাংলা’র জনপ্রিয় গান ‘বুলবুলি’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভ। তবে তাদের পেশাগত সম্পর্ক ও একসঙ্গে কাজের শুরু আরও আগেই।
বিশ্বকাপ ফাইনালেও মঞ্চ মাতাবেন শাকিরা
মঞ্চে নারীকে জড়িয়ে ধরার চেষ্টা, ‘ভারতীয়’ দাবি করা যুবক আসলে পাকিস্তানি