চরিত্রের জন্য ২ মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

চরিত্রকে পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরতে অভিনয়শিল্পীরা নানা ধরনের প্রস্তুতি নেন। তবে ১৯৮১ সালের ‘চক্র’ সিনেমায় অভিনয়ের জন্য বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ যা করেছিলেন, তা বেশ চমকপ্রদ। চরিত্রের প্রয়োজনে প্রায় দেড় থেকে দুই মাস গোসল করেননি তিনি।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এই তথ্য জানান অভিনেতা গুলশান গ্রোভার। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে নাসিরুদ্দিন শাহের এমন কঠোর নিষ্ঠার কথা শুনে তিনি অবাক হয়েছিলেন।

দিনে দুই থেকে চারবার গোসল করা গুলশান গ্রোভার রসিকতা করে বলেন, ‘আমি কখনোই তাঁর এই নিষ্ঠার সমান হতে পারব না।’ তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো, আমাকে সিনেমাগুলোতে এমন সব চরিত্র দেওয়া হয়েছে যেখানে স্যুট পরে হাতে ড্রিংকস নিয়ে থাকা যায়।’

রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে শহরের দারিদ্র্য ও টিকে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছিল।

কয়েক দশক পেরিয়ে গেলেও নাসিরুদ্দিন শাহ এখনো চলচ্চিত্র অঙ্গনে সক্রিয়। সম্প্রতি ‘আসি’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এ ছাড়া ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

কাজল ও প্রভু দেবার সঙ্গে নাসিরুদ্দিন শাহ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এএম
আরও পড়ুন