বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুই কালজয়ী চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরপর দুটি জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় স্যোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।
চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল নিজেও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন। সিনেমা দুটিই দেশের চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসিত ও একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত লালসালু ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের খ্যাতনামা একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।
১৯৪৭ সালের দেশভাগ ও তৎকালীন আবহ নিয়ে ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘চিত্রা নদীর পারে’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী প্রমুখ।
এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন সংশোধন: নাগরিক সুরক্ষা ও বাকস্বাধীনতার ভারসাম্য