অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য যে সিনেমাগুলো মনোনীত হয়েছে তার মধ্যে জায়গা করে নিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত ভারতীয় এই সিনেমাটি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোয়ন পেয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফিচার সিনেমা বিভাগে শাহরুখ, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি টক্কর দেবে ফ্রান্সের ‘অ্যানাটমি অব এ ফল’; দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’; ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’; জাপানের ‘পারফেক্ট ডেজ’; স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’; ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’; জার্মানির ‘দ্য টিচার’স লাউঞ্জ’ এবং যুক্তরাজ্যের ‘দ্য জোন অব ইন্টারেন্স’ সিনেমার সঙ্গে।
২০১৬ সালে এই হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়, যা ২০১৯ সালে নাম বদলে হয় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন। ২০২৩ সালে পুনরায় রিব্র্যান্ডিং করেন তাঁরা এবং এটিকে ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’ নামে ঘোষণা করা হয়। ২০২৪-এর ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে এবারের এই পুরস্কার দেওয়া হবে।