ইউটিউব থেকে সরিয়ে নেয়া হলো ‘রূপান্তর’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এ অভিনেতা। ঈদে তার অভিনীত নাটক ‘রূপান্তর’র কারণে বিপাকে পড়ছেন তিনি। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যার কারণে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে ‘রূপান্তর’।

নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে নাম ভূমিকায় অভিনয় করেন জোভান। মূলত ট্রান্সজেন্ডার বিষয়টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। শুধু জোভানই নন, বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন নাটকের নির্মাতাও।

ইউটিউব থেকে কেন নাটকটি সরিয়ে নেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিলেন। মূলত এ কারণে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে।

নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি গণমাধ্যমে জোভান বলেন, বিষয়টি মোটেও কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আবার দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!

NC/SA
আরও পড়ুন