এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে কামার আহমাদ সাইমনের প্রতীক্ষিত ছবি ‘শিকলবাহা’। প্রতিযোগিতার জন্য এ ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখিস্তান এবং ইরানসহ মোট ১৪ ছবি। ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস এবং বাংলাদেশের স্টুডিও বিগিং এর যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সাংহাইতে প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টিরও বেশি চলচ্চিত্র জমা পরেছিল। যার মধ্যে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে ‘শিকলবাহা’ ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখিস্তান এবং ইরানসহ মোট ১৪ ছবি।
চলতি বছর ‘গোল্ডেন গবলেট’র মূল প্রতিযোগিতার জুরি চেয়ারে আছেন ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসী জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিজার এওয়ার্ড, কানে সেরা পরিচালক ও ক্যামেরা দ্যর বিজয়ী নির্মাতা ট্রান আনহুং। এর আগে নুরি বিলগে চেলান, আন্দ্রে জিয়াগিন্সভে, ওং কার-ওয়াওইয়ের মতো বিশ্বনন্দিত নির্মাতারা সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’র মূল প্রতিযোগিতায় জুরি চেয়ারের দায়িত্ব পালন করেছিলেন।
‘শিকলবাহা’-এর কেন্দ্রীয় ‘রুবা’ চরিত্রে অভিনয় করেন নতুন মুখ ফৌজিয়া করিম অণু।
এর আগের বছরগুলোতে সাংহাই লাল গালিচা আলোকিত করেছেন কিয়ানু রিভস, নিকল কিডম্যন, নন্দিতা দাশ, প্রিয়াঙ্কা চোপড়া, ওয়াং ইবো, নিকোলাস কেজ, জেসন স্ট্যাথাম, মিশেল ইয়োহ, চাউ ইউন-ফ্যাট, জ্যাকি চ্যান, ব্র্যাডলি কুপার, ফ্যান বিংবিং, অ্যাঞ্জেলে বাবির, এং লি, ভিক্টর কোসাকোভোস্কির মতো আন্তর্জাতিক তারকারা।