জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা শর্মার ছেলের সঙ্গে বাগ্দান সেরেছেন গায়িকা সানজিদা মাহমুদ নন্দিতা। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বুলবুলি’ গানের এই গায়িকা।
নন্দিতা নিজেই তার বিয়ের খবর ইনস্টাগ্রামে অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। সেই সাথে নন্দিতা আঙুলে আংটি পরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, এই আংটি পেলাম।
বিয়ের খবর প্রকাশ করতেই অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই গায়িকা। এরই মাঝে সংগীত শিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিয়ের খবর জানালেও বিয়ের পাত্রের পরিচয় প্রকাশ করেননি নন্দিতা।
জানা গেছে, জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা শর্মার একমাত্র ছেলে মুফরাতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নন্দিতার। আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কণ্ঠশিল্পী শাকিলা মুম্বাইয়ের প্রকৌশলী রবি শর্মাকে দ্বিতীয় বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে শাকিলা জাফর থেকে শাকিলা শর্মা হন। তার প্রথম স্বামী মান্না জাফরের ঘরে রয়েছে একমাত্র সন্তান মুফরাত জাফর। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন নন্দিতা।