বিজয়া শোভাযাত্রায় দেয়া হবে বিশেষ নিরাপত্তা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৮ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ১৩ অক্টোবর বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। অনুষ্ঠান উৎসবমুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। শোভাযাত্রার নিরাপত্তায় ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (১২ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজয়া শোভাযাত্রার সম্ভাব্য রুট হলো- ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে বের হয়ে পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্থান-নবাবপুর লেভেল ক্রসিং। এরপর শোভাযাত্রাটি যাবে নবাবপুর রোড-মানসি হল ক্রসিং-রথখোলার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড় -শাঁখারীবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড় বা সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট।

বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ  ও মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে স্থাপন করা হয়েছে তিনটি ওয়াচ টাওয়ার। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

নির্ধারিত সময় ও রুট অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ করেছে ডিএমপি। 

MMS
আরও পড়ুন