আরও দুই দিন চলবে তাপপ্রবাহের দাপট, ২৬ এপ্রিল থেকে বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

সারাদেশে গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া টানা তাপপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী ২৬ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও ৪৮ ঘণ্টা বজায় থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা সামান্য কমতে শুরু করতে পারে। তবে ২৬ এপ্রিলের পর থেকে মাসের শেষ দিনগুলোতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে দেশজুড়ে অসহ্য গরম অনেকটাই কমে আসতে পারে। বিশেষ করে ২৭ এপ্রিলের পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

FJ
আরও পড়ুন