সকাল ৯টার মধ্যে ৮ জেলায় ধেয়ে আসছে ঝড়

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ এএম

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৯ মিলিমিটার।

টানা বৃষ্টি হলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার (১৮ জুলাই) সকালের মধ্যে দেশের ৮টি জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনী জেলায়। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ৬৬, কুমিল্লায় ৪৯ এবং সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নেত্রকোণায় ২৫, লক্ষ্মীপুরের রামগতিতে ১৯, বরিশালে ১৮ ও বগুড়ায় ১৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে আগামী ৫ দিনের শেষের দিকে বৃষ্টির এই প্রবণতা কমে আসতে পারে।

তথ্যসূত্র: আবহাওয়াবিদ ওমর ফারুক ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

HN
আরও পড়ুন