ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই তথ্য জানান।
পূর্বাভাস অনুযায়ী- ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া দপ্তরের অপর এক তথ্যমতে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের চার বিভাগ—ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
রাজধানীসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা