দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মাত্র দুই মাসে দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। এ নিয়ে গত দুই মাসে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৬১১ এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত দুই মাসে আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ৮ জন সন্দেহজনক হামে এবং ৪ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জন। সব মিলিয়ে এই ৬০ দিনে দেশে মোট ৪৫১ জন শিশু প্রাণ হারিয়েছে।
সরকারের পক্ষ থেকে টিকা কার্যক্রম জোরদার করার কথা বলা হলেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবক মহলে। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং আক্রান্ত হলে তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
হাম ও উপসর্গে একদিনে ৮ প্রাণহানি, নতুন আক্রান্ত ১৬১৫