গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৭ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৫১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে দেশে হামে এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৪৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ৮৮ জন। বাকি ৩৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৮৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৯০৫ জন রোগী।
পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হামে ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৪১ জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৩৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।