আদ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:৫১ পিএম

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে মেডিকেল কলেজ ভবনের ছাদে একটি বেকারি কারখানা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে বেকারিটির অনুমোদন ও পরিচালনা প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল, মেডিকেল কলেজ ভবন এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মেডিকেল কলেজ ভবনের সন্নিকটে পরিচালিত বেকারি কারখানাটিও ঘুরে দেখেন তিনি। যদিও ঘটনাস্থলেই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি, তবে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, বেকারিটি হাসপাতালের মূল ভবনের ভেতরে নয়; বরং আদ-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। তাদের ভাষ্য অনুযায়ী, ওই কারখানায় রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে হাসপাতাল ও মেডিকেল কলেজের এত কাছাকাছি স্থানে এ ধরনের স্থাপনা পরিচালিত হওয়ায় নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, একটি মেডিকেল কলেজ ভবনের ওপর বা সংলগ্ন স্থানে কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। বেকারিটি বৈদ্যুতিক ওভেন ব্যবহার করে পরিচালিত হলেও এ ধরনের স্থাপনার অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ভবনে বা তার ওপর এ ধরনের কারখানার বৈধ অনুমোদন থাকার কথা নয়। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং অনুমোদন প্রক্রিয়াও তদন্তের আওতায় আনা হবে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ ও দায় নির্ধারণ করা হবে।

AS
আরও পড়ুন