হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (১৮ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সিলেট বিভাগে তিন শিশুর এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৯ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৫ হাজার ৫৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Attr/AHA
আরও পড়ুন