আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত দেশের অভ্যন্তরে অবস্থানরত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ইতোমধ্যে ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় ভোটারদের দোরগোড়ায় নির্বাচনি সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা যায়, পাঠানো ব্যালটগুলোর মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
ভোটদানের পরিসংখ্যান তুলে ধরে ইসি আরও জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট ইতোমধ্যে ডাকবাক্সে বা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এখন পর্যন্ত ১২ হাজার ৯১৫টি ব্যালট পৌঁছেছে।
উল্লেখ্য, যারা কর্মস্থল বা অন্য কোনো যৌক্তিক কারণে সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য এই পোস্টাল ব্যালট ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনের বিশেষ সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন। যা নির্বাচন ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যোগ করেছে।
দ্রুত পোস্টাল ভোট দেওয়ার বার্তা ইসির
