আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
আসিফ নজরুল জানান, কনভেনশন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিএনপির ইচ্ছা অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘প্রথা অনুযায়ী ক্যাবিনেট ডিভিশন আমন্ত্রিতদের তালিকা তৈরি করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নাকচ করে দিয়ে আসিফ নজরুল বলেন, ‘নতুন মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। এর মাধ্যমেই দীর্ঘ সময় পর দেশে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুনদের বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন
শপথ অনুষ্ঠানে ভারত-চীনসহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত 
