দীর্ঘ প্রতীক্ষা, শ্রম ও ত্যাগের বিনিময়ে প্রাপ্ত নতুন রাষ্ট্রীয় দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন নবনিযুক্ত পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
মন্ত্রী বলেন, ‘দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি অনেক কঠিন ও বড় দায়িত্ব। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক শ্রম, ঘাম, ত্যাগ এবং জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সয়ে আমরা এই পর্যায়ে এসেছি। এই নতুন দায়িত্ব পালনে আমি সবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যেন সুন্দরভাবে সব দায়-দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় নতুন সরকার। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। আজ বুধবার নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম দাপ্তরিক কার্যদিবস।
বাবার দেখানো পথেই মন্ত্রিসভায় ৭ তরুণ নেতার অভিষেক
