ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন।
এসময় ডিএমপি কমিশনার বলেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এ ব্যাপারে সব ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সেই ব্যাপারে ব্যবসায়ীরা সচেষ্ট থাকবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে।
‘এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।’
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

