প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহৃত হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে রাজধানীর খিলগাঁও থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ের এক কর্মচারীর আর্তনাদে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশ দিলে এই সফল উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অপহৃত কিশোর খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় ৪-৫ জন দুর্বৃত্ত ছেলেটিকে আটক করে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলেটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ছেলের অপহরণের খবর শুনে শামীম বিচলিত হয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কান্নায় ভেঙে পড়েন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনে পেয়ে যান এবং ঘটনাটি জানান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর তারা সর্বোচ্চ তৎপরতা শুরু করেন। অপহরণকারীরা যে নম্বর থেকে মুক্তিপণ দাবি করছিল, পুলিশ সেই নম্বরে যোগাযোগ করে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে দরকষাকষি শুরু করে। এক পর্যায়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

ডিসি মাসুদ আলম বলেন, “আমরা দ্রুত খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও আমরা ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।”
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঘটনার স্পর্শকাতরতা বিবেচনায় প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করেছেন। তাঁর দ্রুত পদক্ষেপের কারণেই একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী। এদিকে পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

FJ
আরও পড়ুন