পররাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও সুসংহত করতে দুই দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের প্রথম দিনেই আজ বুধবার (৪ মার্চ) সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

সকাল পৌনে ৯টায় পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। বৈঠকে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, ঝুলে থাকা বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়ন, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতা নিয়ে দুই দেশের অভিন্ন উদ্বেগের বিষয়টিও আলোচনায় স্থান পাওয়ার কথা রয়েছে।

পল কাপুরের আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততায় কাটবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। আজ সন্ধ্যায় তিনি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পল কাপুর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এরপর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি তাঁর সফর সমাপ্ত করবেন।

পল কাপুরের এই সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়াই এই সফরের মূল লক্ষ্য। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

DR/SN
আরও পড়ুন