ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া নতুন সংসদের প্রথম অধিবেশনে তিনি সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন।
সংসদীয় রীতি অনুযায়ী, সভার শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সরকারি দলের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হলে সংসদ সদস্যরা হ্যাঁ ভোটের মাধ্যমে তাঁকে নির্বাচিত করেন।
নবনির্বাচিত স্পিকারকে এখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনেই শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর তিনি সংসদে সভাপতির আসন গ্রহণ করবেন এবং তাঁর সভাপতিত্বেই ডেপুটি স্পিকার নির্বাচন ও সংসদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দীর্ঘ সময় ধরে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ভোলা-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী এই সংসদে স্পিকার হিসেবে তাঁর নিযুক্তিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

