কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সৈকতের বালিয়াড়ি যেন কোনোভাবেই পুনরায় দখল না হয়, সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে কড়া সতর্ক থাকার নির্দেশ দেন।
রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে তিনি উচ্ছেদ পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ওই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হয় সুগন্ধা ও কলাতলী পয়েন্ট। রোববার সেই উচ্ছেদ হওয়া স্থানগুলোই আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের মূল সৌন্দর্য রক্ষার্থে বালিয়াড়িকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।
মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে সরকার সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

