বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) দেশের কৃষি খাতে আধুনিকায়নের লক্ষে বিশেষ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় একযোগে এই কার্যক্রমের শুভ সূচনা হবে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি, সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজে ও সরাসরি পাওয়ার সুবিধা পাবেন। টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ৯টি জেলাকে এই প্রাথমিক পর্যায়ের কার্ড বিতরণের জন্য নির্বাচিত করা হয়েছে।
সরকারি এই উদ্যোগে কৃষি খাতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পহেলা বৈশাখের উৎসবে এই কর্মসূচি দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

