আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন এবং তার মধ্যে চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যে ১ লাখ ৩০ হাজার জন শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, আপনি জেনে আনন্দিত হবেন যে, আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
হুমাম কাদের চৌধুরীর আরেকটি এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি স্কুল পরিচালনায় সরকারের একটি নীতিমালা রয়েছে।
গত ১০ এপ্রিল মূলতবির পর এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুয়ায়ী প্রথমে ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী