বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা করলো বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। পরে সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন আপনাদের দায়িত্ব নিজেদের শহরকে পরিষ্কার রাখা। আমি আসার পথে অনেক জায়গায় ময়লা দেখেছি। আপনারা আপনাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪-(কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পৌর প্রশাসক রাজিয়া সুলতানা প্রমুখ।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো সরকারি সফরে বগুড়ায় এসে পৌঁছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আগে থেকে প্রতিষ্ঠিত দেশের অপর ১২টি সিটি করপোরেশন হচ্ছে– ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

YA
আরও পড়ুন