সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি, নতুন নিয়ম কার্যকর

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৪৬ পিএম

সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন এবং কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের ‘বিজনেস ক্লাস’ বা ‘এক্সিকিউটিভ শ্রেণি’র টিকিট ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে তাদের ‘ইকোনমি ক্লাসে’ ভ্রমণ করতে হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সকল কর্মকর্তা এই নতুন নিয়মের আওতায় পড়বেন। দাপ্তরিক কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ইকোনমি ক্লাসের টিকিট বুকিং দেওয়া বাধ্যতামূলক।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা এক বিধি অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা পেতেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ২৯ এপ্রিলের (২০২৬) এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বের সেই সুযোগ বাতিল করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। মূলত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকার এই কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত