রাজধানীর বনশ্রীর একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে বলাৎকারের পর আত্মহত্যায় প্ররোচিত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ৩ নম্বর সড়কে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা–এর তৃতীয় তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে।
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানা–র উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের ভেতরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।