পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতেই তার এই সফর বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের বাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রেস উইং জানিয়েছে, রাত ৯টার দিকে তিনি পল্লবীর উদ্দেশ্যে রওনা দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং আট বছর বয়সী রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর সমবেদনা জানাবেন।
এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়।
পরবর্তীতে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ঢাকার একটি আদালতে অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানা গেছে।