শিশু রামিসার বাবার কাঁধে হাত রেখে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:০৭ এএম

রাজধানী পল্লবীতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের (৭) বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে সেখানে যান। এ সময় প্রধানমন্ত্রী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রামিসার আবেগাপ্লুত বাবার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন এবং এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস

রামিসার বাবাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন:

"এই হত্যাকাণ্ডে দায়ীদের কঠোর বিচার হবে, ইনশাআল্লাহ। আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতেই এখানে এসেছি। আল্লাহর রহমতে এই জঘন্য অপরাধের বিচার আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমার সাথে এখানে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই বিচারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।"

নিজেদের পিতৃসুলভ অনুভূতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে আরও বলেন, "আমিও একজন কন্যা সন্তানের বাবা। এখানে উপস্থিত আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও কন্যা সন্তানের বাবা। কন্যা হারানোর এই তীব্র কষ্ট ও বেদনা আমরা গভীরভাবে অনুধাবন করতে পারছি।"

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, এই ঘটনার তদন্তে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে।

HN
আরও পড়ুন