শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:০৫ এএম

আজ শনিবার (৩০ মে), মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। 

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের নির্মম বুলেটের আঘাতে নিহত হন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবার ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী আট দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আজ শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৩টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করবে দলটি।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাদ্য ও বস্ত্র বিতরণ

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে রাজধানীর আরও ১৬টি স্পটে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে, অন্যান্য কর্মসূচির সূচি নিচে দেওয়া হলো:

সকাল ৯:৩০ মিনিট: জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বেলা ১১:০০ টা: হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করবেন রুহুল কবির রিজভী।

বেলা ১১:২০ মিনিট: কারওয়ান বাজার এফডিসির সামনে আয়োজিত দুস্থদের সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচির এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের সকল জেলা ও মহানগরে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া ও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

৩১ মে আলোচনা সভা


শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩১ মে (রোববার) বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এক নজরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান


"১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন জিয়াউর রহমান।"

জন্ম: ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে।

মুক্তিযুদ্ধে অবদান: ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি 'বীর উত্তম' খেতাবে ভূষিত হন।

রাজনৈতিক উত্থান: ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

ঐতিহাসিক অবদান: বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, কৃষিক্ষেত্রে যুগান্তকারী 'খালকাটা কর্মসূচি', বিদেশে শ্রমশক্তি রপ্তানির সূচনা এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।

HN
আরও পড়ুন