পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যরা কতটা পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, 'আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।'
মন্ত্রী জানান, সাম্প্রতিক তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কয়েকজন সদস্য, দৌলতদিয়ায় নৌ পুলিশের সাহসী ভূমিকার মাধ্যমে যাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা তিন সদস্য এবং মুন্সিগঞ্জের গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তারে ভূমিকা রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।
তিনি বলেন, 'আজ আমরা মোট ১৫ জনকে স্বীকৃতি দিচ্ছি। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং অন্যরাও উৎসাহিত হবে।'
সম্মাননা পাওয়া প্রত্যেককে পুরস্কার তহবিল থেকে ২০ হাজার টাকা এবং একটি সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ফাঁসি দ্রুত কার্যকরে সুপ্রিম কোর্টের নজরে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী