প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে কঠোর ও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং একনজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর ও ফেঞ্চুগঞ্জ সড়কপথের বিভিন্ন স্থানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় তিনি শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিম্নআয়ের মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অপর এক সুধী সমাবেশে ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
সরকারি কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি বিশেষ রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। মৌলভীবাজারের দিনব্যাপী এই কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় তিনি পুনরায় সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর রাত সাড়ে ৮টায় সিলেট বিমানবন্দর থেকে আকাশপথে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, এবারের সফরে সিলেট জেলায় তাঁর আনুষ্ঠানিক কোনো কর্মসূচি বা দলীয় বৈঠক রাখা হয়নি। প্রধানমন্ত্রীর পুরো সফরসূচি ও কর্মতৎপরতাই এবার কেন্দ্রীভূত থাকছে চায়ের দেশ মৌলভীবাজারে।