স্পিকার: সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ নেই

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:২৫ পিএম

জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদ কক্ষের ভেতরের শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, রাষ্ট্রীয় কোনো কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় এবং সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব বহন করে।

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো মন্ত্রণালয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও সংশ্লিষ্ট মন্ত্রী বা দায়িত্বশীল প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না।

সংসদ সদস্যরা যেসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, সেসব কথা সংশ্লিষ্ট মন্ত্রীদের সরাসরি শোনা প্রয়োজন। বিশেষ করে মন্ত্রিপরিষদের সদস্যরা যদি নিয়মিত উপস্থিত না থাকেন, তাহলে সংসদীয় আলোচনার কার্যকারিতা অনেকাংশে কমে যায়।

বক্তব্যের এক পর্যায়ে সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অধিবেশন চলাকালে কখনো কখনো কয়েকজন সদস্যকে ছোট ছোট দলে আলাদা আলোচনা করতে দেখা যায়। এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা অনুসরণ করতে অন্য সদস্যদেরও বেশ অসুবিধা হয়। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলে, অন্যদিকে কয়েকজন মিলে আলাদা বৈঠকের মতো পরিবেশ তৈরি করেন, যা সংসদের শৃঙ্খলা ও ডিসেন্সির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলাকালে স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকারসহ নানান খাত ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে বক্তব্য শোনা প্রয়োজন। তিনি জোরালো তাগিদ দিয়ে বলেন, মন্ত্রীদের উচিত যথাসময়ে সংসদে উপস্থিত থাকা এবং তাদের মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা। পাশাপাশি সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও চেষ্টা করা উচিত।

এর আগে সোমবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, মন্ত্রীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছেন। তবে সংসদ কক্ষের ভেতরের শৃঙ্খলার প্রসঙ্গ টেনে স্পিকার আজ আরও বলেন, তিনি মাঝেমধ্যে সদস্যদের ছোট ছোট গ্রুপে আলোচনা এবং আসন ছেড়ে অন্যত্র গিয়ে কথাবার্তা বলতে দেখেন। এমনকি কয়েকবার ‘ফ্লোর ক্রসিং’-এর ঘটনাও তার নজরে এসেছে। তাই সংসদের ভেতরে গ্রুপভিত্তিক আলোচনা সম্পূর্ণ পরিহার করতে হবে। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে যেন যতটা সম্ভব নিজ নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নেন এবং আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। সংসদের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Attr/AHA
আরও পড়ুন