কাতারের সাবেক আমিরের নামে সড়কের নামকরণে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

কাতারের প্রয়াত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা এক বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সম্মানিত বিরোধীদলের নেতা সংসদে যে প্রস্তাবনাটি উপস্থাপন করেছেন, তার প্রেক্ষিতে আমি ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনের একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছি। গুরুত্বপূর্ণ এই বিষয়টি সংসদে উত্থাপন করায় তিনি বিরোধীদলীয় নেতাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংসদ অধিবেশনে কাতারের প্রয়াত আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে মূলত কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতিই গভীর সম্মান জানানো হচ্ছে।

কাতারকে বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশটির মাটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে। এর আগে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে সংকটের সময়েও কাতার প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করেছিল।

এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অসামান্য অবদান বিবেচনা করেই মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

SN
আরও পড়ুন