জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:১২ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। পরে বেলা ১১টা ৩৮ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ৪২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পরে বেলা ১১টা ৪৬ মিনিটে মোটর শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক ও ঢাকা-আরিচা মহাসড়কের আশপাশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। তাঁর প্রস্থানকালে বিভিন্ন স্লোগান দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতা-কর্মীরা।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত