বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি আবার চালুর বিষয় রয়েছে। এ ছাড়া সাব্রুমসহ আরও কয়েকটি সড়কের বিষয়ও আলোচনায় এসেছে।
বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে। এরপরও গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক স্বার্থ অনেক সময় বিভিন্ন বিষয়কে ছাপিয়ে যায়। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এতে ভোক্তারা কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ সময় ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগের জন্য দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অক্টোবরেই উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান পেলো ইরান