দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। জাতীয় সংসদের হুইপদেরসহ, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ৩০ জনকে এক থেকে তিনটি করে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই সব জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা-জবাবদিহি এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তারা তদারকি করবেন। এমনকি সরকারের নির্বাচনী ইশতেহার কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিও তাদের নজরদারির আওতায় থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অর্থের অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে।
এ অবস্থায় জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
কোন জেলার দায়িত্বে কে
সুলতান সালাহউদ্দিন টুকু—ঢাকা
হাবিবুর রশিদ—গাজীপুর ও নারায়ণগঞ্জ
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল—মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
মো. শরীফুল আলম—টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম—মাদারীপুর ও শরীয়তপুর
মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ—রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
ইয়াসের খান চৌধুরী—জামালপুর ও কিশোরগঞ্জ
এম রশিদুজ্জামান মিল্লাত—শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী—চট্টগ্রাম
আব্দুল আউয়াল মিন্টু—লক্ষ্মীপুর
জাকারিয়া তাহের—ফেনী ও নোয়াখালী
সাচিং প্রু—কক্সবাজার
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)— ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর
ইকবাল হাসান মাহমুদ—রাজশাহী ও নাটোর
আব্দুল বারী—বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
ফারজানা শারমিন—সিরাজগঞ্জ ও পাবনা
মোহাম্মদ শামীম কায়সার—জয়পুরহাট ও নওগাঁ
ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন—লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আসাদুল হাবিব দুলু—ঠাকুরগাঁও ও দিনাজপুর
মীর শাহে আলম—রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
খন্দকার আবদুল মুক্তাদির—হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী—মৌলভীবাজার
আলহাজ মো. জি কে গউস—সিলেট ও সুনামগঞ্জ
নিতাই রায় চৌধুরী—চুয়াডাঙ্গা
মো. আসাদুজ্জামান—খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
অনিন্দ্য ইসলাম অমিত—মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
শেখ ফরিদুল ইসলাম—যশোর, মাগুরা ও নড়াইল
মো. রাজীব আহসান—বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
আহমেদ সোহেল মঞ্জুর—বরিশাল, ভোলা ও ঝালকাঠি
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তারা। প্রয়োজন হলে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।
নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল