৪ মন্ত্রণালয়ে নতুন সচিব

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

প্রশাসনে বড় রদবদলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী, যিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।

এছাড়া জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। বুধবার পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব নিয়োগ পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। কামরুজ্জামান চৌধুরীর এক বছরের চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হবে।

২০২৪ সালের ১৭ আগস্ট এহছানুল হক দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। তিনি একদিন পর ১৮ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। গত ১৭ আগস্ট তার দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়, এ সময় তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়।

AHA
আরও পড়ুন