বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপসাংবাদিকতা ও ইয়োলো জার্নালিজম কমাতে সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিকতা ও বাক্‌স্বাধীনতার যে সুযোগ রয়েছে, তা অব্যাহত থাকবে। গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ সরকার নেবে না। সাংবাদিকরা যাতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এর মাধ্যমে গণমাধ্যমের মান বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। পাশাপাশি ইয়োলো জার্নালিজম বন্ধেও সরকার কাজ করছে।

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ না নিতে বলেছেন। বরং গণমাধ্যমের স্বাধীনতা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করার নির্দেশনা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি গণতান্ত্রিক সরকার। সাংবাদিকরা নির্বিঘ্নে ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তাদের দায়িত্ব পালন করবেন। সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও করবে না।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করবে। একই সঙ্গে বিচার বিভাগকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বর্তমানে ট্রাস্টে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই এর সুফল দেশের সাংবাদিকরা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমসিএইচ
আরও পড়ুন