কেআইবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেআইবি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে রাজধানীতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠা, দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

কেআইবিতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এমসিএইচ
আরও পড়ুন