সৌদি আরবের ভূখণ্ডে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দৃঢ়। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা