'সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে'

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা কমিটিগুলোর সমন্বয় ও সহযোগিতার কারণে এমন পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি। তিনি আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

আইজিপি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজব থেকে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মো. আলী হোসেন ফকির বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।’

পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সবার জীবনমান উন্নয়নে কাজ করা সম্ভব হবে।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পুলিশ সব পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় এনেছে। ফলে নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করা যাচ্ছে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত