নিরাপত্তা জনিত কারণে ঢাকায় অধিকাংশ এটিএম বন্ধ, সংকটে মানুষ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:৪৯ পিএম

রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশ এখনও অস্থিরতা বিরাজ করছে। দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী এখনও সব জায়গায় তাদের কর্মস্থলে ফিরেনি। ফলে নিরাপত্তা জনিত কারণে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ এটিএম। এতে নগদ টাকার সংকটে পড়েছেন সাধারন মানুষ। 

গত দুদিনে কারওয়ান বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ নগদ টাকা তুলতে পারেননি। কারওয়ান বাজার এলাকার ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক ও এক্সিম ব্যাংকের একাধিক এটিএম বুথের সব কটি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক এশিয়ার বিভিন্ন এলাকার এটিএম বুথও।  

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন জানান, বেশির ভাগ ব্যাংকের এটিএমের অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষ করে থাকে। কয়েক দিন ধরে নিরাপত্তাহীনতার কারণে তৃতীয় পক্ষের এ সেবা বন্ধ রয়েছে। এ কারণে অনেক ব্যাংকের এটিএমে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।

এ ব্যাপারে ব্যাংকাররা জানান, যতটা না টাকার সংকট তার চেয়ে বেশি নিরাপত্তার শঙ্কায় ব্যাংকগুলো তাদের এটিএম কার্যক্রম কমিয়ে দিয়েছে। চলমান পরিস্থিতিতে টাকা পরিবহনের ঝুঁকি নিতে চাচ্ছে না অনেক ব্যাংক ও এটিএমে অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান। আবার বাংলাদেশ ব্যাংক থেকেও চাহিদা অনুযায়ী নগদ টাকা পাওয়া যাচ্ছে না।

 

HK/WA
আরও পড়ুন