মাদকের গডফাদার ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

মাদকের গডফাদাররা ও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোক বা যত প্রভাবশালী হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে মাদকের গডফাদাররা ধরা না পড়ার জন্য আমাদের অনেক সংস্থা আছে তাদেরও দায় রয়েছে বলেও উল্লেখ করেন।   

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে পুলিশকে প্রশিক্ষিত করতে সেপ্টেম্বর থেকে একটি প্রশিক্ষণ শুরু হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, পুলিশের যে ট্রেনিং আগস্ট মাস থেকে শুরু করবো। প্রশিক্ষণটা এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে। এভাবে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।

এসপি, ওসিদের বদলি পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি ও ওসিদের পরিবর্তন এটা চলমান প্রক্রিয়া হতেই থাকবে। সব সময় পোস্টিং হচ্ছে।

এখন থেকে প্রস্তুতি কি নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আজকে যে বিষয়ে প্রস্তুতি ও আলোচনা হয়েছে সেটা হলো মাদকের বিষয়ে। মাদক আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এজন্য কক্সবাজারে একটা উচ্চ পর্যায়ের কমিটি গিয়েছিলো। তার অর্জনটা কি সেটা দেখার জন্য। আমরা জানতে পেরেছি কিছুটা সুফল আমরা পেয়েছি৷’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মাদক ধরার পরিমাণ অনেক বেড়েছে। মাদক বহনকারী ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা এখনও ধরা পড়ছে না। এই গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের কিছু সংস্থা আছে তাদেরও দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আপাতত বলতে চাচ্ছি না। কিন্তু অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না এ মাদকের গডফাদারদের ধরার জন্য। ’

চাঁদাবাজিসহ নানা বিষয় নিয়ে চিরুনী অভিযান চলছিলো সে বিষয়ে অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ১আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি সেটা বড় করে রিপোর্ট প্রকাশ হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যতো বড় লোকই হোক না কেন? যত প্রভাবশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।’

MH/FJ
আরও পড়ুন