স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, তা সরকারের সঙ্গে আলোচনা করে পরিবর্তন, পিছিয়ে দেওয়া বা প্রয়োজনে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। ইসি তাদের নিজস্ব প্রক্রিয়ায় একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে এ মুহূর্তে যে তথ্য রয়েছে, সে অনুযায়ী প্রতিমন্ত্রীর বক্তব্যকেই সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এর অন্তর্ভুক্ত।
ইসির ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব বা মতপার্থক্য তৈরি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টিকে সংঘাত বা ‘গ্যাপ’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইসির ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি আলাদা। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত ও সমন্বয় গুরুত্বপূর্ণ।
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী