যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সব অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সকালে দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। এরপর সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।’
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান। ফখরুল বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।’
প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি: জামায়াত আমির
