জামায়াত আমিরের আইডি হ্যাক করে অপপ্রচার: ইসি ও সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত আইডি হ্যাক করে অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এ বিষয়ে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়। ৬ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠক শেষে সাংবাদিকদের জুবায়ের বলেন, ‘আমাদের আমির ডা. শফিকুর রহমান যখন নারীদের শিক্ষা ও অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত তৈরি করছেন, ঠিক তখনই একটি চক্র তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব।’

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও একটি গুরুতর অভিযোগ তোলা হয়। এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন্ন নির্বাচনের প্রচারণায় নামলে জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইসির কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা দলের নির্দিষ্ট গঠনতন্ত্র ও আদর্শ মেনেই রাজনীতি করেন। দলের শীর্ষ পদে (আমির) আসতে পারবেন না- এটি মেনেই তারা দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

FJ
আরও পড়ুন